দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগে প্রধানমন্ত্রীর প্রাথমিক সম্মতি পাওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালীতে মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর সমর্থকরা এ কর্মসূচির আয়োজন করেন।
মিছিলটি শহরের তিতাস মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনানী মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপির সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
মিছিল শেষে বনানী মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম এবং জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আমিন সুজন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ টি এম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসীন উদ্দিন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, সাইদুর রহমান তালুকদার, বিএনপি নেতা আব্দুর রহমান খন্দকার ও আব্দুল লতিফ তালুকদার, লাউকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা, মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান টিটো, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জেসমিন জাফর এবং গোলাম মাওলা মিঠুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আয়োজকদের ভাষ্য, পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রাথমিক সম্মতি পাওয়ায় পৌরবাসীর পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৮৯২ সালে প্রতিষ্ঠিত পটুয়াখালী পৌরসভাটি বর্তমানে ‘এ’ শ্রেণির পৌরসভা। এর আয়তন ২৬ বর্গকিলোমিটার। নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভায় ৫৫ হাজারের বেশি ভোটার রয়েছেন।
সম্প্রতি পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডিও লেটারের মাধ্যমে পৌরসভাটিকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব দেন। প্রধানমন্ত্রীর দপ্তর প্রস্তাবটি বিবেচনায় নিয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা।